বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড অনুসন্ধানে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রবিবার তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে কমিশন জানায়, বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত ছিল এবং পুরো ঘটনায় সমন্বয়কের ভূমিকা পালন করেছেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।
কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতেই সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখা হয়েছে। তিনি জানান, ‘আমরা যখন কাজ শুরু করি তখন ১৬ বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। সাক্ষীদের ডাকলাম, কারও কারও ৮ ঘণ্টা পর্যন্ত বক্তব্য শুনেছি… অন্যান্য উপাদান সংগ্রহ করেছি।’
তিনি বলেন, এই তদন্তে বিডিআর হত্যাকাণ্ড ঘিরে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে- বিশেষ করে সেনাবাহিনী কেন তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়নি সে বিষয়েও ব্যাখ্যা খোঁজা হয়েছে।
কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার জানান, তদন্তে হত্যাকাণ্ডের বাহ্যিক ও প্রকৃত কারণ উন্মোচিত হয়েছে। তাঁর ভাষায়, এটি ছিল পরিকল্পিত ঘটনা এবং ‘এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।’ তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ ঘটনাটি আড়াল করতে সক্রিয় ভূমিকা নেয় এবং পিলখানায় মিছিল নিয়ে প্রবেশ করে।
তিনি আরো দাবি করেন, পুরো ঘটনার পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল এবং দায় বর্তমান সরকারপ্রধান থেকে সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও তিনি চরম ব্যর্থতার অভিযোগ তোলেন। একই সঙ্গে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকাকেও তিনি অপেশাদার বলে মন্তব্য করেন। কমিশনের প্রতিবেদনে ভবিষ্যতে নিরাপত্তা বাহিনীতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে এবং বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে।’ তিনি আরো বলেন, এই প্রতিবেদন জাতির বহু প্রশ্নের অবসান ঘটাবে এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।
মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান নেতৃত্বাধীন এই তদন্ত কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এম. আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।
প্রতিবেদন জমা দেওয়ার সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিও উপস্থিত ছিলেন।